যুক্তরাষ্ট্রের চাপ— হোক সেটি অর্থনৈতিক, আরও নিষেধাজ্ঞা, নৌ-অবরোধ এবং নতুন হামলার হুমকি, এসব চাপকে উপেক্ষা করছে ইরান। সঙ্গে নিজেদের সাত দফা শর্ত নিয়ে অবস্থান আরও কঠোর করছে দেশটি। শুক্রবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি খোলা নিয়ে তেহরান যেসব শর্ত দিয়েছে, সেগুলো থেকে তারা নড়ছে না। তবে একইসঙ্গে মধ্যপ্রাচ্যের আরব দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায়ও যুক্ত হচ্ছে ইরান।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি জানিয়েছেন, কেন তারা তাদের সাত দফা শর্ত থেকে সরছেন না। তিনি বলেছেন, গত দেড় বছর যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আলোচনাকেও তারা ভেস্তে দিয়েছে। ফলে এবার ইরান আর কোনো ধরনের কাগুজে চুক্তি চায় না, চায় মার্কিনিদের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। আর যখন ইরান নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তখনই ইরান কূটনীতিক পথে এগোবে।
বাঘেরি কানি আরও বলেছেন, নর্থ-সাউথ করিডর এবং রাশিয়া থেকে ইরানে গ্যাস সরবরাহের প্রজেক্ট ইরানের ওপর চাপ কমাতে সহায়তা করবে। একইসঙ্গে এই প্রজেক্টগুলো ইরান ও ওই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে সঙ্গে আঞ্চলিক নিরাপত্তাকে শক্তিশালী করবে।
এদিকে ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চায় তাহলে সবার আগে নৌ-অবরোধ তুলতে হবে, তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যখন এটি বাস্তবায়ন হবে, এর পরদিনই ইরান হরমুজ খুলে দেবে।
প্র্রগতি টিভি/ এফ এম

