ঢাকাSaturday , 7 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

নিউজ ডেস্ক
November 7, 2026 5:41 am
Link Copied!




রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। এজন্য দামও কমছে তুলনামূলক। শিম, বেগুন, ফুলকপি, কাঁচামরিচ, পটলসহ বেশ কিছু সবজিই কম দামে পাওয়া যাচ্ছে। তবে স্বস্তি নেই মাছ-মাংসে। কিছু মাছের দামে এখনও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। পাইকারি বাজারে বাড়তি দামের কারণে মুরগির দামও কমাতে পারছেন না খুচরা বিক্রেতারা।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশান, উত্তর বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ১২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো। কাঁচামরিচের কেজি ৮০-১০০ ও শিম ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুনের প্রতি কেজি ১০০ টাকা ও লম্বা বেগুন ৮০ টাকা। এছাড়া কাঁকরোল ৬০, করলা ৭০, পটল ৫০, ঢেঁড়স ৫০-৬০, কচুর মুখি ৬০-৭০ ও চিচিঙ্গা ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পেঁপের কেজি ৩০ টাকা।

গুলশানের কালাচাঁদপুর কাঁচাবাজারে আল্লাহর দান সবজি বিতানের বিক্রেতা জিসান আলম জানান, পাইকারি বাজারে দাম কমেছে। এ কারণে খুচরা বাজারেও কম দামে সবজি বিক্রি করতে পারছেন তারা। সামনে সরবরাহ বাড়লে দাম কমার আরও সম্ভাবনা রয়েছে।

এদিকে, বাজারে প্রতি কেজি তেলাপিয়া ২২০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে রুই ২৪০-৩০০ ও পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পাবদার কেজি ৩৬০ টাকা। ইলিশের দামও বেশ চড়া। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। ছোট আকারের ইলিশের কেজিও হাজার টাকার নিচে মিলছে না।

জোয়ার সাহারা বাজারের মাছ বিক্রেতা জাকির হোসেন জানান, মাছের বাজারে দাম এখনও বেশ চড়া। বিশেষ করে বড় আকারের ইলিশ কিনতে গেলে ক্রেতাদের অনেক বেশি টাকা গুনতে হচ্ছে।

মুরগির বাজারেও দামের তেমন স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫-১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০-৩২০ ও লেয়ার মুরগি ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা।

মায়ের দোয়া চিকেন হাউজের বিক্রেতা জিসান বলেন, পাইকারি বাজারে মুরগির দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে দাম কমানো যাচ্ছে না। পাইকারি দামে বাড়তি খরচ হওয়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কালাচাঁদপুরে ভাড়া বাসায় থাকেন বেসরকারি চাকরিজীবী সুমন হোসেন। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের সংসার তার। প্রতি সপ্তাহে একসঙ্গে বাজার করেন তিনি। তার মতে, শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। তবে খোলা বাজারে আরও কম দামে সবজি পাওয়া যাচ্ছে।

নিজের কেনা সবজি দেখিয়ে সুমন বলেন, খোলা বাজার থেকে আধা কেজি কাঁচামরিচ ৩০ টাকায়, লম্বা বেগুন ৬০ টাকা ও শিম ৬০ টাকায় কিনেছি। বিভিন্ন সবজির দোকানে এসব কিনতে গেলে আরও বেশি টাকা গুনতে হতো। তবে মাছ, মুরগি ও গরুর মাংসের দাম আগের সপ্তাহের তুলনায় তেমন কমেনি।

প্র্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।