ঢাকাTuesday , 3 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার তুমি’

বিনোদন ডেস্ক
November 3, 2026 9:31 am
Link Copied!




ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী মৌসুমী। গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে অভিষেক, তারপর এক সাফল্যময় ক্যারিয়ার। অভিনেত্রী হিসেবে ঢালিউডকে রাঙিয়েছেন তিনি। আজ এ নন্দিত অভিনেত্রীর জন্মদিন।

গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে দেশে নেই মৌসুমী। রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবু ভক্ত, সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী, অভিনেতা ওমর সানীও। সঙ্গে দিয়েছেন বিশেষ তকমা।

মৌসুমীর কয়েকটি ছবির একটি কোলাজ বানিয়ে পোস্ট করেছেন সানী। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’

এর আগে গতকাল মধ্যরাতেও একটি ভিডিও বার্তা দিয়েছেন ওমর সানী। সেখানে তিনি বলেন, ‘যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় নয়। আজ তোমার জন্মদিন; প্রায় ৩৫ বছর ধরে এই জন্মদিন পালন করে যাচ্ছি আমরা। তোমার গ্রিন কার্ড পাওয়ার খবরে সবাই শুভেচ্ছা জানিয়েছে, আমিও জানিয়েছি। এটা দারুণ ব্যাপার। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হচ্ছে।’

জন্মদিনে মৌসুমীর জন্য সৃষ্টিকর্তার কাছে ওমর সানীর একটাই চাওয়া, তিনি যেন সুস্থ থাকেন। সানী বলেন, ‘মানুষ তোমাকে যে সম্মান করে, আল্লাহ যেন তোমাকে আরো সম্মানিত করে।’

মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন জামান মৌসুমী। তার জন্ম ১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায়। নব্বইয়ের দশকের গোড়ায় তিনি একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। একই সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহও।

শুরুতেই বাজিমাত। ফলে পেছন ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে। একের পর এক সিনেমায় কাজ করেছেন, ছুঁয়েছেন জনপ্রিয়তার আকাশ। তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘বিদ্রোহী বধূ’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘চাই ক্ষমতা’, ‘বীর সৈনিক’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মিনিস্টার’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মেশিনম্যান’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘প্রজাপতি’, ‘দেবদাস’, ‘তারকাঁটা’ ইত্যাদি।

অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। এছাড়া ছয়বার করে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার ও বাচসাস পুরস্কার।

অভিনয়ের বাইরে গান ও পরিচালনাও করেছেন মৌসুমী। ২০০৩ সালে মুক্তি পায় মৌসুমী নির্মিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। পরে তিনি বানিয়েছেন ‘মেহের নিগার’। আবার গানে তাকে পাওয়া গেছে একাধিক সিনেমার প্লেব্যাকে।

প্র্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।